জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
গতকাল সোমবার সন্ধ্যায় ওই ঘটনায় বিএনপি’র সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এর নিন্দা জানিয়ে আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেন সারজিস।
গত ১৬ বছরে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় ও জুলুমের শিকার হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, “অতঃপর হান্নান মাসুদের মত কিছু অকুতোভয়, আপসহীন, সাহসী তরুণদের হাত ধরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপিসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতাবোধটুকু বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত।”
এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাই, স্বাভাবিকভাবেই তাদের “দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ” সবচেয়ে বড় হবে বলে মনে করেন তিনি।
“তাহলে তাদের (বিএনপি’র) বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কী হতে পারে, সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে” বলে জানান সারজিস আলম।
তিনি আবদুল হান্নান মাসউদের হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

0 Comments