পদ্মা নদীর ফরিদপুরের কবিরপুর চর এলাকায় অবৈধ বালুবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে, দুই আরোহী গুরুত্বর জখম হয়েছে। নদীতে ভেসে থাকতে দেখে অন্য নৌকার মৎস্য আরোহীরা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে।
আহতরা হলেন মানিকগঞ্জের বারিক ফকিরের ছেলে ইউসুফ ফকির (৩০) ও মাসুদ রানার ছেলে মজিদ (২৫)। আহতদের স্বজনেরা জানান, মঙ্গলবার দিবাপুর্ব ভোররাতের (আনুমানিক চারটা) দিকে ওই দুই মৎস্য আরোহী পদ্মা নদীর কবিরপুর এলাকায় মাছ ধরছিলেন, এসময় বালুবাগহী একটি বলগেট নৌকাটিতে সজোরে আঘাত করে, এতে নৌকাটি দুমড়ে মুচড়ে নদীতে তলিয়ে যায়।
কোতয়ালী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ নাসিম আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, আঘাতকারী বলগেটটি চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পদ্মায় দীর্ঘদিন ধরে একাধিক ড্রেজারের মাধ্যমে কবিরপুরসহ আশেপাশের এলাকায় অবৈধভাবে বালু তুলে তা বলগেটের মাধ্যমে নেয়া হচ্ছে। ওই চক্র প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে মুখ খুলতে পারেন না। রাত নামলেই পদ্মা নদীর দূর্গম এলাকাগুলোতে বাড়ে অবৈধ বালু উত্তোলন ও সেই বালু বহনকারী বলগেটের দৌরাত্ম। বেপরোয়া বলগেটের আঘাতে প্রায়শ ঘটছে দূর্ঘটনা।
এ বিষয়ে ফরিদপুর নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, অপরাধিদের দমনে নৌ পুলিশ সর্বদাই তৎপর রয়েছে।

0 Comments